শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে রাজধানীর অন্তত পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। তবে হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এরপর রাত পৌনে ১১টার দিকে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের সাইনবোর্ড লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। এতেও কেউ হতাহত হননি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম মিজান ওরফে মিজু। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে রাত ১১টার দিকে মিরপুরের কালশীতে পার্ক করা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।



















