নভেম্বরের প্রথমার্ধে জারা ও এইচঅ্যান্ডএমসহ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্যান্য উৎপাদনকেন্দ্রে সরিয়ে নিয়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রয়াদেশ সরানো হয়েছে, যার বেশির ভাগই গেছে প্রতিবেশী ভারতে।
তিনটি তৈরি পোশাক কারখানার মালিকের বরাতে এ তথ্য জানা গেছে। তাঁরা বলেছেন, শ্রম অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ে প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়ায় ক্রেতারা ক্রয়াদেশ সরাচ্ছেন। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়েছে। ক্রেতাদের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কায় কারখানা মালিকেরা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
তৈরি পোশাকশিল্প দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানের উৎস। এ খাতে ক্রয়াদেশ সরে যাওয়া অর্থনীতির প্রধান স্তম্ভের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে, যা চলমান অস্থিরতার পরও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিক্ষোভে উৎপাদন ক্ষতি ৪০০ মিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। এ ছাড়া ঢাকার আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ উৎপাদন দিন নষ্ট হয়েছে।
ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে আন্তর্জাতিক ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন। ভারত থেকে সরবরাহে প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম-কম্বোডিয়া থেকে ১৫ দিন পর্যন্ত সময় কম লাগে বলে জানা গেছে।

মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা শিল্পের ব্যয় সক্ষমতা কমিয়েছে। সম্প্রতি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


















