ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বিমানবন্দরে আটকে জাতিসংঘের দূত

ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে কোস্টারিকায় ঢুকতে দেওয়া হয়নি। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, তাঁর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার’ আন্তর্জাতিক সতর্কতা রয়েছে।

কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট নিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানী সান হোসের হুয়ান সান্তামারিয়া বিমানবন্দরে পৌঁছান ইতালির নাগরিক আলবানিজ। এরপর থেকে তিনি বিমানবন্দরেই আটকা রয়েছেন; শুক্রবার ছিল তাঁর সেখানে দ্বিতীয় রাত। জাতিসংঘের মানবাধিকার প্রধান এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

আলবানিজ বলেছেন, বিমানবন্দরে তাঁর পাসপোর্ট নিয়ে নেওয়া হয় এবং তাঁকে জোর করে বিমানে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বিমানবন্দর থেকেই ভিডিও কলে অংশ নেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর বিরুদ্ধে ছড়ানো তথ্য মিথ্যা এবং যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের নিষেধাজ্ঞার সঙ্গে এর যোগ থাকতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

তাঁর পক্ষে দায়ের করা এক আবেদনের পর আদালত তাঁকে দেশে থাকতে দেওয়ার অন্তর্বর্তী আদেশ দিয়েছে এবং অভিবাসন কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে প্রবেশে বাধা দেওয়ার কারণ জানাতে বলেছে। আদালত শুক্রবার কর্তৃপক্ষকে তাঁর পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে।

আলবানিজ জানিয়েছেন, আজ শনিবার (২৮ নভেম্বর) তিনি কোস্টারিকা ছেড়ে যাবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন