বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনে হুতি বাহিনীকে লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব হামলায় নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২১ জন হুতি যোদ্ধা ও কমান্ডার।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। তিনি বলেছেন, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় হুতিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বেশ কয়েকটি ফ্রন্টে লড়াই চলছে। সরকারি বাহিনী হুতিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে এসব অভিযান চালিয়েছে। ইয়েমেনে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা পরিচালনা করা হলো।
এদিকে তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় এক বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরও এসেছে, যাদের অধিকাংশই শিশু বলে দাবি করা হয়েছে। তবে এ ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত কয়েক সপ্তাহে সৌদি আরবের ওপর হুতিদের হামলা বেড়েছে। এর বিপরীতে সরকারি বাহিনী এবং সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে তাদের কার্যক্রম জোরদার করেছে। গত মঙ্গলবার রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে ড্রোন হামলায় ১১ জন আহত হন।



















