দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে তারা এ দায়িত্ব পালন করছেন।
বিশেষ টিমে রয়েছেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে এই টিমকে। বিশেষ করে ডিসেম্বর সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ-সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এটা চলমান থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা জানান, পাঁচ সদস্যের টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে।


















