ইন্দোনেশিয়ায় একটি অবৈধ সোনার খনিতে বন্যায় ১৩ শ্রমিক নিহত হয়েছেন। পশ্চিম জাভার বোগর জেলার পংকর এলাকায় অবস্থিত খনিটিতে সোমবার ভারী বৃষ্টিতে চিসেরুহ নদীর পানি ঢুকে পড়ে। এ সময় খনির ভেতরে ২৬ শ্রমিক আটকে পড়েন।
খনিটির গভীরতা প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট)। বন্যার পর ১১ জন শ্রমিক পালিয়ে বেরিয়ে আসতে পারলেও বাকিরা ভেতরে আটকে যান। বৃহস্পতিবার উদ্ধারকাজ আবার শুরু হয়েছে।
উদ্ধারকর্মীরা বলছেন, সংকীর্ণ, পিচ্ছিল ও অন্ধকার সুড়ঙ্গ পথে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। দুটি খনির খাদে দড়ি ব্যবহার করে উদ্ধারকাজ চলছে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
খনিটি রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান আনতামের আওতাধীন ছিল না এবং এটি একটি অবৈধ খনি হিসেবে পরিচালিত হচ্ছিল। খনিটি অবৈধ হওয়ায় বন্যার প্রায় ১৬ ঘণ্টা পর পুলিশকে জানানো হয়। গত সপ্তাহে বোগরের অন্য একটি এলাকায় প্রায় ৩০টি অবৈধ সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।



















