ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ন

ডিসেম্বর ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

ডিসেম্বর মাস ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামরুন মুনিরা। তিনি বলেন, সীমান্তসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নাশকতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতার আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। একই সঙ্গে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপরও নজরদারি চালানো হচ্ছে।

এদিকে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত ১৪ নভেম্বর একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে।

গোপালগঞ্জে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন ভৈরবের এসআরবি-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান। পরে পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে আটক করা হয়। একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন