ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার বাদী ও তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার সি ব্লকের একটি বাড়ি থেকে ডিবির ওয়ারি বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিবির ওয়ারি বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডরিনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস।
উল্লেখ্য, আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারত যান। পরে তিনি নিখোঁজ হন। এ বিষয়ে কলকাতায় জিডি করেন তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস। পরে তদন্তে বেরিয়ে আসে, নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়। ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধার করে ফরেনসিকে পাঠানো হয়।

এ ঘটনায় ডরিন ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এ ছাড়া বাবার হত্যার বিচারের দাবিতে তিনি নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে ধর্না দিয়েছেন।
ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে এ ঘটনায় আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্তি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তৎকালীন ডিবি কর্মকর্তারা জানান, আনারের শৈশবের বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী এবং চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়া এটি বাস্তবায়ন করেন।
২০২৪ সালের অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মামলার তদন্ত স্থবির হয়ে পড়ে এবং আসামিরা একে একে জামিন পান। এর মধ্যে শিমুল ভূঁইয়া গত ১১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।


















