সংবাদ পাঠিকা থেকে হয়েছেন সিনেমার অভিনেত্রী। এবার গায়িকা হিসেবেও নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন শবনম বুবলী। সরাসরি সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি।
জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক নিজেই। গানটির কথা লিখেছেন কবির বকুল, আগামী ডিসেম্বরে রেকর্ডিংয়ের পরিকল্পনা রয়েছে।
পরিচালক জানান, গানটি নিয়ে ইতিমধ্যে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন। সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে, তখনই তাঁকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন পরিচালক। এর আগে তাঁর ‘মাতৃত্ব’ সিনেমার রিচুয়াল গানে কণ্ঠ দিয়েছিলেন মৌসুমী। সেই অভিজ্ঞতা থেকেই বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে বলে মনে হয়েছে তাঁর।
রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও করেছেন নির্মাতা। সেই প্রস্তাবেও সম্মতি দিয়েছেন অভিনেত্রী। গান তৈরির কাজ প্রায় শেষ।
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। একটি প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি এই জুটির চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিং দিয়েই আবার ক্যামেরার সামনে ফিরবেন এই অভিনেত্রী।
এদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেছেন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ থেকে নির্মিত হয়েছে প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’। মুরসালিন সরকার নির্মিত সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে, যা আগামী ৯ জানুয়ারি শুরু হবে।


















