ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

চুয়েটে আবার কমপ্লিট শাটডাউন

উপাচার্য নিয়োগকে ঘিরে চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত ২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেলেও সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের সম্মতিতে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নিজেদের অবস্থানে অনড় থাকবেন।

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। চুয়েটের অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়, দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। চুয়েটে ৯৫ জন অধ্যাপক আছেন জানিয়ে তিনি বলেন, সরকার চাইলে অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকেও নতুন কাউকে দিতে পারে। তাঁদের মূল দাবি, চুয়েট থেকেই যেন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর থেকে প্রথম দফায় কমপ্লিট শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। এবার প্রায় এক মাসের ব্যবধানে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা।

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যদের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন