ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফাঁসির জন্য ফেরত পাঠাবে না ভারত: রাশেদ খাঁন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কখনোই ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন যে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোনো নাগরিক তাঁর নিজ দেশে যেতে পারেন এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

এ প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান তুলে ধরে রাশেদ খাঁন লেখেন, “বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবেন। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের প্রশ্নোত্তর শুনে মনে হলো যে, ভারত কখনোই তাঁকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছেন না, রণধীর জয়সওয়াল তা মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।”

এর আগে বুধবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্রিফিংয়ে সাংবাদিকরা আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরা, তাঁকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকার বক্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় এয়ারলাইনসে তাঁর ফেরার সম্ভাবনার খবর নিয়ে প্রশ্ন করেন। এ ছাড়া তাঁর প্রত্যাবর্তনের আগে আওয়ামী লীগ নেতাদের ভারতের অভ্যন্তরে অবাধ চলাচল ও পেট্রাপোল-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট পরিদর্শনের ক্ষেত্রে ভারত কোনো মধ্যস্থতাকারী বা সহায়তাকারীর ভূমিকা রাখছে কি না, তা-ও জানতে চাওয়া হয়।

জবাবে সরাসরি কোনো মন্তব্য না করে রণধীর জয়সওয়াল বলেন, “এই বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেখানকার সরকারের মধ্যকার। তাই এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।”

তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) অনুরোধ প্রসঙ্গে মুখপাত্র বলেন, “আগেও যেমনটি বলেছি, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো নাগরিক যদি বৈধ ভ্রমণ নথিতে (ট্রাভেল ডকুমেন্ট) স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তবে সেই বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন