ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

হুয়াওয়ের নতুন ভাঁজফোন মেট এক্স৮

নতুন ভাঁজফোন মেট এক্স৮ উন্মোচন করেছে হুয়াওয়ে। চীনে গত ২৪ নভেম্বর ফোনটির ঘোষণা দেওয়া হয়, একই দিন থেকে শুরু হয়েছে প্রি-অর্ডার। আগামী ৪ ডিসেম্বর থেকে চীনের বাজারে বিক্রি শুরু হবে। প্রাথমিক দাম ধরা হয়েছে ১২ হাজার ৯৯৯ ইউয়ান।

ভাঁজ খুললে ফোনটিতে মিলবে ৮.২ ইঞ্চির ওএলইডি পর্দা, রেজল্যুশন ২৪২৪ বাই ২৩৪০ পিক্সেল। বাইরের কভার পর্দা ৬.৫৪ ইঞ্চির, দুটি পর্দাতেই ১ থেকে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল রিফ্রেশ রেট রয়েছে। ভেতরের পর্দার সর্বোচ্চ উজ্জ্বলতা ৮ হাজার নিট, কভার পর্দার ১২ হাজার নিট।

ভাঁজফোনের সবচেয়ে বড় অভিযোগ ভাঁজের দাগ কমাতে এবার চুম্বকীয় প্রযুক্তির নতুন কবজা ব্যবহার করেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, আগের মডেলের তুলনায় ভেতরের পর্দা ৯০ শতাংশ বেশি সমতল হয়েছে। খোলা অবস্থায় ফোনটি মাত্র ৪.২ মিলিমিটার পুরু, ভাঁজ করা অবস্থায় ৮.৯৫ মিলিমিটার। ধুলো ও পানিরোধী সুরক্ষায় রয়েছে আইপি৫৮ ও আইপি৫৯ রেটিং।

ফোনটি চলবে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯০৫০ প্রো চিপে, অপারেটিং সিস্টেম হারমনিওএস ৭.০। সাধারণ সংস্করণে থাকছে ১২ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ বা ৫১২ গিগাবাইট স্টোরেজ, সংগ্রাহক সংস্করণে ১৬ গিগাবাইট র‍্যাম ও সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ।

ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৪০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ব্যাটারি ৬ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার, যা হুয়াওয়ের এক ভাঁজের ফোনে এখন পর্যন্ত সবচেয়ে বড়। ৬৬ ওয়াটের তারযুক্ত ও ৫০ ওয়াটের তারহীন চার্জিং সুবিধা রয়েছে। আপাতত চীনের বাইরে ফোনটি কবে আসবে, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন