ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

কায়রোতে জ্বালানি ট্যাংকারে আগুন, নিহত ৩১

মিসরের রাজধানী কায়রোতে জ্বালানি তেলবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন।

বুধবার সন্ধ্যায় কায়রোর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। গিজা গভর্নরেটের ঘনবসতিপূর্ণ ওয়ারাক এলাকায় টানেল-১০ এর ওপরের অংশে ট্যাংকারটি উল্টে যায়। এরপর তাতে আগুন ধরে যায় এবং পাশ দিয়ে যাওয়া যানবাহনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ২৭টি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের শেখ জায়েদ বিশেষায়িত হাসপাতাল, ইমবাবা জেনারেল হাসপাতাল ও ওয়ারাক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বুধবার রাতেই চূড়ান্ত মৃতের সংখ্যা ৩১ বলে নিশ্চিত করা হয়। এর আগে মৃতের সংখ্যা ২১ ও পরে ৩০ বলে জানানো হয়েছিল।

দুর্ঘটনার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তেল ছড়িয়ে পড়ে আগুন ধরে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। পরিচয় শনাক্ত না হওয়া নিহতদের ডিএনএ নমুনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ঘটনার খোঁজখবর রাখছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহত ও নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর রিং রোডটি আবার খুলে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া যানবাহনগুলো ক্রেন দিয়ে সরানো হয়েছে। কায়রো, গিজা ও কালিউবিয়া গভর্নরেটকে সংযুক্তকারী এই রিং রোডটি রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন