দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে উপহার হিসেবে বাইসাইকেল দেবে সরকার। বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে মান ও ব্যবহারিক দিক পরখ করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর দিনের কর্মসূচি শুরু করেন তিনি বাইসাইকেল চালিয়ে।
দেশের মাধ্যমিক পর্যায়ের মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। ছাত্রীদের ব্যবহারের উপযোগিতা ও বাইসাইকেলের মান যাচাই করতেই তিনি নিজে সেগুলো চালিয়ে দেখেন।
এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রী একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বাইসাইকেল পাওয়ায় ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

প্রদর্শনীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















