ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বিজয় দিবসে দেশে ফেরার এই পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার বিমান পরিবহনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তাঁকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দেশে ফেরার বিষয়ে এটাই তাঁর প্রথম সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। তাঁর দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ ভ্রমণের কাগজপত্র চাওয়ার পর থেকে দেশে সহিংসতা বেড়ে যাওয়ায় এই ঘোষণা রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকারের একজন মন্ত্রী রোববার বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে আনার জন্য বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে সরকারের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে যান। জাতিসংঘের হিসাবে ওই অস্থিরতায় প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়। গত বছর নভেম্বরে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। নির্বাসন থেকে তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন