পেছনে এআই ডিসপ্লে আর ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে এলো অনারের নতুন ফোন সিরিজ। সোমবার চীনে উন্মোচিত হলো অনার ৭০০ সিরিজ। একসঙ্গে এসেছে তিনটি মডেল—অনার ৭০০, অনার ৭০০ প্রো ও অনার ৭০০এস।
সিরিজের সব ফোনেই থাকছে ৬ দশমিক ৫৭ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এই পর্দার রেজল্যুশন ১ দশমিক ৫কে। সর্বোচ্চ উজ্জ্বলতা ৮ হাজার নিট।
সবচেয়ে বড় আকর্ষণ ফোনের পেছনের ছোট ডিসপ্লে। এতে দেখা যাবে আবহাওয়ার তথ্য, মিটিংয়ের সময়সূচি আর সেলফির নমুনা। প্রো ও সাধারণ মডেলে এই ডিসপ্লে থেকেই মাপা যাবে হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা।
ক্যামেরায় সব মডেলেই থাকছে ২০০ মেগাপিক্সেলের মূল সেন্সর। সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স। সাধারণ ও প্রো মডেলে আরও আছে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, যাতে ৩ দশমিক ৫ গুণ অপটিক্যাল জুম মিলবে। সেলফির জন্য থাকছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারিতেও চমক দিয়েছে অনার। তিন মডেলেই থাকছে ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৮০ ওয়াটের তারযুক্ত চার্জিং সমর্থন করবে সবগুলো। প্রো মডেলে আরও থাকছে ৫০ ওয়াটের তারবিহীন চার্জিং।

চিপের ক্ষেত্রে তিন মডেলে তিন ধরনের প্রসেসর। প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫, সাধারণ মডেলে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ ও ৭০০এস মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপ ব্যবহার করা হয়েছে। সব ফোনেই চলবে অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ম্যাজিকওএস ১১।
তবে ফোনগুলোর দাম ও বিক্রি শুরুর তারিখ এখনো জানায়নি অনার। চীনের বাইরে কবে আসবে, তা-ও এখনো স্পষ্ট নয়।


















