বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস নিজের গান ও সৃষ্টিকর্ম সংরক্ষণের লক্ষ্যে ফাউন্ডেশন গড়ছেন। ‘জেমস ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া চলছে। সব প্রস্তুতি শেষ হলে নতুন বছরের শুরুর দিকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা চলছিল। এরপর রবিন জানান, অনেক দিন ধরেই ফাউন্ডেশন গড়ার পরিকল্পনা চলছিল।
ফাউন্ডেশনের মূল লক্ষ্য—জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে। রবিন বলেন, দেশের মানুষ জেমসকে যে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ব্যান্ড সংগীতে আত্মপ্রকাশ করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। পরে ‘নগরবাউল জেমস’ নামে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। চার দশকের বেশি সময় ধরে গান ও পরিবেশনায় শ্রোতাদের মাতিয়ে রেখেছেন তিনি।
এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে। নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রবিন।



















