ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

মজুরি বোর্ডের বৈঠক আজ, প্রস্তাব দেবেন মালিকরা

পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠকে বসছে মজুরি বোর্ড। রাজধানীর শ্রম অধিদপ্তরে বেলা সাড়ে ১১টায় বৈঠকটি হবে। বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানী বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে কারখানা মালিকরা তাঁদের নতুন মজুরি প্রস্তাব জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

শিল্পাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতার পর ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা রয়েছেন।

গত ৪ নভেম্বর প্রথম বৈঠকে উভয় পক্ষকে নিজ নিজ মজুরি কাঠামোর প্রস্তাব তৈরি করে জমা দিতে বলা হয়। নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।

গত ৯ নভেম্বর দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চার ধাপের মজুরি কাঠামোর প্রস্তাব দেন। প্রস্তাবে প্রথম ধাপে ৪৮ হাজার, দ্বিতীয় ধাপে ৪৩ হাজার, তৃতীয় ধাপে ৩৮ হাজার এবং চতুর্থ ধাপে ৩২ হাজার টাকা মাসিক ন্যূনতম মজুরি চাওয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়। অফিস কর্মীদের জন্য চার ধাপে ৫৫ হাজার, ৫০ হাজার, ৪৫ হাজার ও ৪০ হাজার টাকা প্রস্তাব দেওয়া হয়।

তবে দ্বিতীয় বৈঠকে মালিকপক্ষ তাঁদের প্রস্তাব জমা দিতে পারেনি। তাঁরা সাত কর্মদিবস সময় চাইলেও বোর্ড চার কর্মদিবস সময় দেয় এবং ১৫ নভেম্বর জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে।

শনিবার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল পরিদর্শনের সময় বোর্ডের চেয়ারম্যান বলেন, সোমবারের বৈঠকে মালিকপক্ষ প্রস্তাব জমা দেবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, কাউকে প্রস্তাব জমা দিতে বাধ্য করা যাবে না। প্রস্তাব না এলে আইন অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে। মজুরি নির্ধারণের কাজ বিলম্বিত হবে না এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের লক্ষ্য অটুট রয়েছে বলে তিনি জানান।

বর্তমানে পোশাকশিল্পে ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এটি নির্ধারণ করা হয় এবং ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে নির্ধারিত মজুরি ছিল আট হাজার টাকা।

গত সপ্তাহের খবরে বলা হয়, মালিকরা নতুন শ্রমিকদের জন্য প্রায় ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছেন।

রোববার সাভার-আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ ছিল। গাজীপুর, আশুলিয়া ও সাভারে দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলছে।

এদিকে পোশাকশিল্পের মালিকদের সংগঠনগুলো ভবিষ্যতে আর মজুরি বোর্ড না করে মূল্যস্ফীতির সঙ্গে যুক্ত বার্ষিক বেতন বৃদ্ধির একটি নির্দিষ্ট সূত্র চালুর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। এই প্রস্তাব শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আইন অনুযায়ী মজুরি বোর্ডের কাজ শেষ করতে ছয় মাস সময় রয়েছে, যার সময়সীমা ২০২৭ সালের ৩০ এপ্রিল। তবে উভয় পক্ষই দ্রুত সিদ্ধান্ত চায়, যাতে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন