নিজের প্রথম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। সরবরাহ শৃঙ্খলার সূত্রের বরাতে জানা গেছে, আইফোন নির্মাতা ফক্সকনের সহযোগী প্রতিষ্ঠান এফআইএইচ মোবাইল ফোনটি সংযোজনের দায়িত্ব পেয়েছে।
জানা গেছে, ফোনটি বাজারে আসতে পারে ২০২৭ সালের শেষে অথবা ২০২৮ সালে। তবে এ বিষয়ে ওপেনএআই কিংবা ফক্সকন—কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। ফোনটির নকশা, দাম কিংবা আনুষ্ঠানিক প্রকাশের তারিখ সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
বিশ্লেষকদের অনুমান, ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেকের তৈরি কাস্টম ডাইমেনসিটি ৯৬০০ চিপ, যা তৈরি হবে অত্যাধুনিক ২ ন্যানোমিটার প্রযুক্তিতে। কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ সামলাতে এতে থাকতে পারে দুটি আলাদা এআই প্রসেসর, সঙ্গে নতুন প্রজন্মের এলপিডিডিআর৬ র্যাম ও ইউএফএস ৫.০ স্টোরেজ।
ধারণা করা হচ্ছে, এই ফোনের মূল বৈশিষ্ট্য হবে এজেন্টভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা—অর্থাৎ ব্যবহারকারীকে একের পর এক অ্যাপ খুলে কাজ করতে হবে না, বরং নির্দেশ দিলেই এআই নিজে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কাজটি সেরে ফেলবে। ফোনের ক্যামেরাও শুধু ছবি তোলার জন্য নয়, চারপাশের পরিবেশ বুঝতেও ব্যবহার হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই প্রকল্পে যন্ত্রাংশ সরবরাহে আরও কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত থাকতে পারে বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে লাক্সশেয়ার, লিঙ্গি আইটেক ও এএসি টেকনোলজিস। বিশ্লেষকদের এক হিসাবে, সব ঠিকঠাক চললে ২০২৭ ও ২০২৮ সাল মিলিয়ে ফোনটির প্রায় তিন কোটি ইউনিট বিক্রি হতে পারে।

এর আগে ওপেনএআই হার্ডওয়্যার ব্যবসায় নামার ঘোষণা দেয়। বিখ্যাত ডিজাইনার জনি আইভের প্রতিষ্ঠান কিনে নিয়ে প্রতিষ্ঠানটি প্রথমে স্ক্রিন ছাড়া একটি স্মার্ট স্পিকার আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সেই ধারাবাহিকতায় স্মার্টফোনই হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় হার্ডওয়্যার পদক্ষেপ।


















