ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়া কারখানা আগুনে ২৪ মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার একটি মিষ্টান্ন কারখানায় ভয়াবহ আগুনের পর ধ্বংসস্তূপ থেকে ২৪টি মরদেহের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। রোববার জাভা দ্বীপের কারখানাটিতে আগুন লাগার এক দিন পরও দমকলকর্মীরা ছোট ছোট আগুনের শিখা নেভানোর কাজ করছিলেন। রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত রাখার পর সোমবার সকালে তা আবার শুরু হচ্ছে।

শনিবার সন্ধ্যায় বান্তেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে শিল্পাঞ্চলে অবস্থিত পিটি ফোনুসা আগুং মুলিয়া কারখানায় আগুন লাগে। কারখানাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অংশ।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, কারখানার বাইরে স্বজনদের খবরের অপেক্ষায় কাঁদছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

বান্তেন প্রদেশের পুলিশ প্রধান হেন্দ্রা কুরনিয়াওয়ান জানিয়েছেন, সোমবার সকালে উদ্ধার অভিযান আবার শুরু হবে। রোববার সন্ধ্যা ৬টায় বিপজ্জনক পরিস্থিতির কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বেঁচে যাওয়া শ্রমিকদের বরাত দিয়ে জানা গেছে, কারখানার তৃতীয় তলার একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পর ১৫টি ফায়ার ট্রাক ও পানির কামান দিয়ে আগুন নেভানোর কাজ চলছিল বলে জানিয়েছেন বান্তেন উদ্ধার সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো।

কারখানা কর্তৃপক্ষ পরে জানিয়েছে, আগুনের ঘটনায় জড়িত ৬৫ জন শ্রমিকের মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন, চারজন চিকিৎসাধীন রয়েছেন, ২৯ জন এখনো নিখোঁজ এবং আরও আটজনের বিষয়ে তথ্য নিশ্চিত হয়নি।

পুলিশের দুর্যোগে নিহত শনাক্তকরণ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানিয়েছেন, আগুনের তীব্রতায় উদ্ধার হওয়া মরদেহগুলো দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা ও ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করা হচ্ছে। শনাক্তকরণের এই প্রক্রিয়ায় দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।

তবে নিহতের চূড়ান্ত সংখ্যা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, একটি ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে, তাই ব্যাগের সংখ্যা মানেই নিহতের সংখ্যা নয়। উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্তকরণের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববারের মধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরের সব অংশে পৌঁছানোর আগে ঠান্ডা করার কাজ চলছিল। ভবনের মধ্য ও পেছনের অংশে এখনো গরম জায়গা রয়েছে বলে জানিয়েছেন সেরাং দমকল বিভাগের কর্মকর্তা তুবাগুস মাহফুদ। ভবনের কিছু অংশ ধসে পড়েছে এবং অন্ধকারের কারণে দমকলকর্মীদের সতর্কভাবে এগোতে হচ্ছে। কারখানার উৎপাদন সামগ্রী থেকে আগুন আবার জ্বলে উঠতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

কারখানার প্রধান নির্বাহী স্টিভেন এরউইন উইজায়া জানিয়েছেন, শনিবারের শিফটে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন। স্বজনদের খোঁজখবরের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে বলে তিনি জানান। তাঁর দাবি, কারখানায় নিয়মিত জরুরি মহড়া হতো এবং হাইড্র্যান্ট ও পানির মজুতসহ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা মান অনুযায়ী ছিল ও কাজ করছিল।

আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। ভবনের কিছু অংশ এখনো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন