ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ছোট পরিসরে বিদ্রোহ চালাচ্ছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় দেশজুড়ে অস্থিরতা ছড়িয়েছে। হাসিনার সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সহিংসতায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাসীন দল ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং অগ্নিসংযোগের ঘটনায় মারা যাওয়া এক বাস সহকারী রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা গণপরিবহন, থানা, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
সবচেয়ে তীব্র সহিংসতা হয়েছে হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচল ব্যাহত করেছে, সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের একটি প্রধান সড়ক ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখার পর শুক্রবার সকালে তা খুলে দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এবং এক পুলিশ কর্মকর্তাকে মারধর করে আহত করেছে। গোপালগঞ্জে পুলিশের গাড়ি, স্থাপনা ও সরকারি সম্পত্তিতে হামলার বিষয়টি আলাদা প্রতিবেদনেও নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ওই আন্দোলন দমনে চালানো অভিযানে জাতিসংঘের হিসাবে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাসিনাকে সন্ত্রাসী ও পলাতক অপরাধী বলে অভিহিত করেছেন। ভারতের কাছে তাঁকে ফেরত দেওয়ার দাবি আবারও জানিয়েছে সরকার।
এদিকে চলতি বছরের শুরুতে জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী প্রধানমন্ত্রী তারেক রহমান হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, আন্দোলনকারীরা সীমান্তের ওপার থেকে নির্দেশনা পাচ্ছে।


















