ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

আন্তর্জাতিক আদালতের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চায় ঢাকা

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদির সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিজ মাতৃভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ। জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাঁর দেশের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাব দেন হুমায়ুন কবির। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া বাংলাদেশি রোগীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে যেসব রোগীকে নিয়মিত চিকিৎসার জন্য দেশটিতে যেতে হয়, তাঁদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্রয়োজনীয় ক্ষেত্রে বাংলাদেশি রোগীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দেওয়ার উদ্যোগে থাইল্যান্ডের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান হুমায়ুন কবির। বৈঠক শেষে উভয় পক্ষ রোহিঙ্গা সংকটের সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন