ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

মজুরি বিতর্কে সিপিডির জবাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নিজেদের বিশ্লেষণের পক্ষে যুক্তি তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আপত্তির জবাবে আজ রোববার সংস্থাটি আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে।

গত ১৮ নভেম্বর এক আলোচনায় সিপিডি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ১৮ হাজার ৫৭৮ টাকা মূল্যস্ফীতির ভিত্তিতে, আর ২৪ হাজার ২০৪ টাকা মর্যাদাপূর্ণ জীবনযাপনের মানদণ্ডে হিসাব করা হয়। অন্যদিকে শ্রমিকপক্ষের দাবি ৩২ হাজার টাকা। বিজিএমইএ সিপিডির হিসাবে পরিবারের আকার, উপার্জনকারীর সংখ্যা ও আবাসন খরচ নিয়ে প্রশ্ন তুলেছিল।

সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানকে পাঠানো জবাবে বলেছেন, আবাসন খরচ দুবার গণনা করা হয়নি। খাদ্যবহির্ভূত ব্যয় থেকে বাড়িভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাক বাদ দিয়ে প্রয়োজনীয় ব্যয় হিসাব করা হয়েছে। এরপর আবাসন আলাদাভাবে যোগ করা হয়েছে। পোশাক, জ্বালানি, শিক্ষা, পরিবহন, ব্যক্তিগত যত্ন ও যোগাযোগের মতো প্রয়োজনীয় খরচও হিসাবে ধরা হয়েছে।

পরিবারের গড় আকার চারজন ও উপার্জনকারী ১ দশমিক ৫৮ জন ধরার ব্যাখ্যায় সিপিডি জানিয়েছে, বিভিন্ন প্রকাশিত গবেষণার মধ্যমান নেওয়া হয়েছে, যাতে চরম মানের প্রভাব কমে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ অনুযায়ী পরিবারের আকার ৩ দশমিক ৯৬ জন ধরলেও দারিদ্র্যভিত্তিক মজুরি মাত্র ১৮৬ টাকা কমে ১৮ হাজার ৩৯২ টাকা হতো বলে সংস্থাটি জানিয়েছে।

দারিদ্র্যসীমা হিসেবে সিপিডি খানা আয়-ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী ঢাকা বিভাগের শহুরে উচ্চ দারিদ্র্যসীমা মাথাপিছু ৪ হাজার ৯২২ টাকা ব্যবহার করেছে। সংস্থাটি বলেছে, একই জরিপের শহুরে পরিবারে গড় উপার্জনকারী ১ দশমিক ৩৭ জন ধরলে একজন উপার্জনকারীর জন্য প্রয়োজনীয় মজুরি আরও বেশি হতো।

সিপিডি আরও বলেছে, ২০২৩ সালের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা মূল্যস্ফীতি সমন্বয় করলে ২০২৬ সালে তা ১৬ হাজার ৩৫১ টাকার সমান হয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে বার্ষিক বেতন বৃদ্ধি ৫ শতাংশ থেকে ৯ শতাংশে উন্নীত হওয়ায় পুরনো শ্রমিকরা উপকৃত হলেও নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রবেশ-স্তরের মজুরি অপরিবর্তিত রয়েছে।

জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো শাসনব্যবস্থার সমস্যাকে শ্রমিকদের মজুরি কম রাখার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছে সিপিডি। সংস্থাটির মতে, এসব সমস্যার সমাধান আলাদাভাবে করতে হবে, আর মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রয়োজন ও দেশের অর্থনৈতিক বাস্তবতা—দুটোই বিবেচনায় নিতে হবে। শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারা অনুযায়ী জীবনযাত্রার ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও মালিকদের সক্ষমতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে সংস্থাটি।

সিপিডি স্বীকার করেছে, তাদের হিসাবে ব্যবহৃত সংখ্যাগুলো কোনো প্রতিনিধিত্বশীল জরিপ থেকে নেওয়া নয়। তাই শ্রমিক ও কারখানা—উভয় পক্ষকে নিয়ে বড় আকারের বৈজ্ঞানিক জরিপের দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মজুরি বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়ে সিপিডি বলেছে, ভাঙচুর ও অস্থিরতা শ্রমিক, শিল্প ও দেশের ক্ষতি করে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডের দুটি সভা হয়েছে; তৃতীয় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন