ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই হার ১০ শতাংশে নামানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য তুলে ধরেন।

খেলাপি ঋণ আদায়ে গতি আনতে গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২৯ জুন চালু হওয়া এই নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রাখা হয়েছে।

এই সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণের ক্ষেত্রে প্রযোজ্য। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার বেশি, সেগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি—এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করা হবে। এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে। পাশাপাশি প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকারদের সভায় পর্যালোচনা করা হচ্ছে।

নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতে ঋণঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা শক্তিশালী করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতি কাঠামো চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকগুলো সম্ভাব্য ঋণক্ষতি আগেভাগে মূল্যায়ন করে প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণ করতে পারবে।

খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন, ২০২৬ প্রণয়ন ও অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ রয়েছে। পাশাপাশি দুর্বল সুশাসন ও ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি রয়েছে এমন ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা জোরদার করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পুনর্গঠন বা পুনঃতফসিলের সুবিধা কেবল এমন ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া উচিত, যাদের ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য রয়েছে। অন্যদিকে, যারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে হবে। ঋণ আদায়ে নিয়োজিত ব্যাংক কর্মকর্তাদের প্রণোদনা এবং নিয়মিত ঋণ পরিশোধকারীদের সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন