প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। প্রতিযোগিতায় অংশ নিতে তিনি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন। আজ (২২ নভেম্বর) অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে।
ফ্লোরিডা থেকে রিয়েলি জানান, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ ছাড়াও ভারত, কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ মোট ২২টি দেশের প্রতিযোগী এবারের আসরে অংশ নিচ্ছেন।
প্রথমবার আন্তর্জাতিক কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রিয়েলি বলেন, এটি তাঁর জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচয় হয়েছে, নতুন বন্ধু তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন তিনি। প্রতিদিনই নতুন কিছু শিখছেন—বিশেষ করে ক্যাটওয়াক, র্যাম্পে হাঁটা, মঞ্চে নিজেকে উপস্থাপন এবং আত্মবিশ্বাসের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন।
রিয়েলি বলেন, প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সবাই আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। পুরো অভিজ্ঞতাই তিনি উপভোগ করছেন। তাঁর কাছে এই আয়োজন কেবল মুকুট জয়ের প্রতিযোগিতা নয়, বরং নিজেকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার একটি সুযোগ।
আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতাও তুলে ধরছেন এই চিত্রনায়িকা। ‘মেকআপ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। রিয়েলি জানান, তাঁর অভিনয়ের কথা শুনে বিভিন্ন দেশের প্রতিযোগীরা আনন্দিত হয়েছেন। তাঁদের অনেকেই তাঁর অভিনীত চলচ্চিত্র দেখেছেন এবং প্রশংসা করেছেন।

দেশের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন রিয়েলি। তিনি বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসা ও সমর্থন দেবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতে।’


















