পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা কোম্পানির দায় ওয়ান-টাইম এক্সিট (ওটিই) প্রক্রিয়ায় পরিশোধের লক্ষ্যে এ ঋণ নেওয়া হবে।
এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির একটি সংশ্লিষ্ট পক্ষ। কারণ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের চেয়ারম্যান সাজেদুর সিরাজ প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ শেয়ারের মালিক।
ঋণের বিপরীতে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডে অবস্থিত কোম্পানির অফিস স্পেস বন্ধক রাখা হয়েছে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে একটি পাওয়ার অব অ্যাটর্নি বা ক্ষমতাপত্র দেওয়া হয়েছে।
আগামী ৯ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঋণসংক্রান্ত এ লেনদেনটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।



















