শুধু পণ্য নয়, সেবা, বিনিয়োগ, শ্রমবাজার ও ডিজিটাল বাণিজ্যকেও বাণিজ্য চুক্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাঁর মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাজারসুবিধা ধরে রাখতে হলে আলোচনার পরিধি বাড়াতেই হবে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মিলনায়তনে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রপ্তানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে প্রাণ-আরএফএল গ্রুপ।
নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের রপ্তানির প্রায় ৭৩ শতাংশই এখন এলডিসি হিসেবে পাওয়া শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক সুবিধার আওতায় বিভিন্ন বাজারে যাচ্ছে। বাকি ২৭ শতাংশ যাচ্ছে নিজস্ব প্রতিযোগিতার জোরে। উত্তরণের পর এসব সুবিধা হারালে রপ্তানিতে বড় চাপ তৈরি হবে। গবেষণায় এলডিসি উত্তরণের কারণে রপ্তানি প্রায় ১৪ দশমিক ৩ শতাংশ বা ৫০০ কোটি ডলার পর্যন্ত কমার আশঙ্কা করা হয়েছে।
তিনি বলেন, রপ্তানি আয়ের ৮০ থেকে ৮১ শতাংশই তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। এত সংকীর্ণ রপ্তানি ঝুড়ি নিয়ে আলোচনার টেবিলে বাংলাদেশের দর-কষাকষির শক্তি কমে যায়। শুধু পণ্য নিয়ে আলোচনা করলে কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া কঠিন হবে। তাই চুক্তিতে সেবা, বিনিয়োগ, শ্রমবাজার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল বাণিজ্য, অভিবাসন এবং সুরক্ষা ধারাও যুক্ত করতে হবে।
অগ্রাধিকারমূলক সুবিধা হারালে বিভিন্ন বাজারে বাংলাদেশের পণ্যে গড়ে প্রায় ৯ শতাংশ শুল্ক আরোপ হতে পারে বলে জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রায় ১২ শতাংশ, ভারতে ২০ শতাংশ, কানাডায় ১৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৫ দশমিক ৬ শতাংশ, জাপানে ৯ শতাংশ এবং চীনে ৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হতে পারে বাংলাদেশের পণ্য।

গোলাম মোয়াজ্জেম বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আলোচনায় অগ্রগতি প্রয়োজনের তুলনায় ধীর। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জিএসপি প্লাস ও ইপিএ, কানাডা, চীন ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তবে আলোচক দলের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও শক্তিশালী করা জরুরি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির বিভিন্ন শর্ত নিয়েও উদ্বেগ জানান তিনি। চুক্তিতে ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক, কৃষিপণ্যে স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্য শর্ত, শ্রমমান, ডিজিটাল বাণিজ্য এবং তৃতীয় দেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তাঁর মতে, চুক্তির বাজার-বহির্ভূত ধারা ভবিষ্যতে চীন, রাশিয়া ও আঞ্চলিক বাণিজ্য জোটের দেশগুলোর সঙ্গে আলোচনায় বাধা তৈরি করতে পারে।
কর্মশালায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, রপ্তানি ঝুঁকি কমাতে পণ্য ও গন্তব্য—উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনা জরুরি। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, তৈরি পোশাকের পর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বিশ্ববাজারে বড় সম্ভাবনা রয়েছে। তবে স্থলবন্দরের জটিলতা, অশুল্ক বাধা ও মানের শর্ত পূরণে আরও সক্ষমতা তৈরি করতে হবে।


















