দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে আরও ৬ হাজার ১৮২ টাকা কমেছে প্রতি ভরির দাম। এতে এক বছর পর এই প্রথম সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ টাকার নিচে নেমেছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দরের ঘোষণা দিয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। নতুন এ দর রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে। এর আগের দফায় শুক্রবার (২০ নভেম্বর) ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমে দাম হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর দুই লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দরেই বিক্রি হচ্ছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। সেই সর্বোচ্চ দরের তুলনায় এখন দাম প্রায় ৩২ শতাংশ কম।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশেও স্বর্ণের দাম কমছে।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।


















