ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ন

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ধন্যবাদ ডিবিএর

পুঁজিবাজারে শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

শনিবার (২১ নভেম্বর) ডিবিএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্য স্টক ব্রোকারদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে ডিবিএ এ ব্যবস্থা চালুতে সক্রিয় ভূমিকা রেখেছে।

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, টি+১ ট্রেডিং চালু পুঁজিবাজারের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে লেনদেনের গতি ও বাজারের তারল্য বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ উৎসাহিত হবে।

ডিবিএ মনে করে, এ ব্যবস্থায় লেনদেন নিষ্পত্তির সময় কমবে, বিনিয়োগকারীরা দ্রুত অর্থ পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন এবং পুঁজিবাজারের প্রতি আস্থা জোরদার হবে। পুঁজিবাজারের টেকসই উন্নয়নে ভবিষ্যতেও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছে সংগঠনটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন