মধ্য পেরুর আন্দিজ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল হুনিন শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তরে, আন্দিজ পর্বতমালায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। পেরুর ভূতাত্ত্বিক ইনস্টিটিউটের হিসাবে গভীরতা ১২৯ কিলোমিটার।
ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পেরুর ভূতাত্ত্বিক ইনস্টিটিউট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। কেন্দ্রস্থলের কাছের শহর কারহুয়ামায়োর মেয়রও জানিয়েছেন, সেখানে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতি হয়নি।
তবে ভূমিকম্পে হুনিন অঞ্চলের বিভিন্ন স্থানে বাড়িঘরের সামান্য ক্ষতি হয়েছে, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং পাহাড়ি সড়কে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কম্পন অনুভূত হয়েছে রাজধানী লিমাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। লিমায় ভয়ে অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আনকাশ, ইকা, উকায়ালি, সেরো দে পাসকো, হুয়ানুকো ও কায়াও অঞ্চলেও কম্পন টের পাওয়া গেছে।

পেরু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত। এই বলয় প্রশান্ত মহাসাগর ঘিরে প্রায় ৪০ হাজার কিলোমিটারজুড়ে বিস্তৃত আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ফাটলের এলাকা। বিশ্বের বেশির ভাগ ভূমিকম্প এ অঞ্চলেই ঘটে।
সম্প্রতি পেরুতে একাধিক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। গত আগস্টে পেরুর আন্দিজে ৬.৭ মাত্রার ভূমিকম্পে দুজন আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এর আগে জুলাইয়ে হুনিন অঞ্চলের ভূমিকম্পে ছয়জন নিহত হয়েছিলেন।


















