ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা

প্রায় পাঁচ মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার ১৫টি লোহার দানবাক্স থেকে মিলেছে রেকর্ড ৫১ বস্তা টাকা।

শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। পরে টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল সাড়ে ৯টা থেকে সেখানে দিনব্যাপী চলছে গণনার কাজ।

গণনায় অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এই কাজে যুক্ত রয়েছেন।

সকাল সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন ৫১ বস্তা টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলার কথা। তবে বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর খোলা হলো। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও মিলেছিল। এবার ৫১ বস্তা টাকা পাওয়ায় নতুন রেকর্ডের আশা তৈরি হয়েছে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত মোট অর্থের পরিমাণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। নগদ টাকা ছাড়াও সিন্দুকগুলোতে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার রয়েছে।

প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে। দানের এই অর্থে এখানে একটি বহুতল মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন