দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত সিনেমা ‘ডিয়ার ডি’। আগামী ১১ ডিসেম্বর বড়পর্দায় আসছে ছবিটি।
এই সিনেমায় প্রথমবারের মতো মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে দুজনকে। শ্রাবন্তী অভিনয় করেছেন একক মা দেবলীনার চরিত্রে, আর দিতিপ্রিয়া তাঁর মেয়ে মিলি। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।
২০২৪ সালের শেষের দিকে ‘ডিয়ার ডি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। শুটিং শেষ হলেও স্ক্রিনিং কমিটির কিছু জটিলতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যান্য সিনেমার মুক্তির সূচির কারণে ছবিটির মুক্তি এতদিন আটকে ছিল।
ছবির গল্প বিদেশের প্রেক্ষাপটে নির্মিত। এতে শ্রাবন্তীকে একজন একক মা হিসেবে দেখা যাবে, যিনি একাই মেয়েকে বড় করেছেন। মা-মেয়ের সম্পর্ক বেশ মধুর থাকলেও হঠাৎ একটি ঘটনায় তাঁদের জীবন সম্পূর্ণ বদলে যায়। তখন অতীতের অনেক লুকানো সত্য সামনে চলে আসে। প্রকাশিত পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে, যা কিশোরী বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার পরের লড়াইয়ের গল্প তুলে ধরবে।
ইতিমধ্যে সিনেমার অফিশিয়াল পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে লন্ডনের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে শ্রাবন্তী ও দিতিপ্রিয়াকে, তবে কারও মুখে হাসি নেই। ছবিতে আরও অভিনয় করেছেন কৃশাল আহুজা ও প্রিয়াংকা মণ্ডল।

এদিকে বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও ফিরছেন দিতিপ্রিয়া। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি ধারাবাহিকটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে, যেখানে নাগকন্যার বেশে ধরা দিয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই বড়পর্দায় অভিনয় করছেন দিতিপ্রিয়া। ‘আয় খুকু আয়’, ‘রাজকাহিনি’, ‘বগলা মামা যুগ যুগ জিও’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ‘রানী রাসমণি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে।


















