অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাঁকে আটক করা হয়।
আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসেছিলেন এই অভিনেত্রী। লাইভে তাঁকে কান্নাকাটি করতে দেখা যায়।
ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির জানিয়েছেন, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে একটি ভিডিওতে দাবি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০১৯ সাল থেকে তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন।

তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ। বর্তমানে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


















