দেশের সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই মোতায়েন করা হয়।
জেলাগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরও ৫ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, সরকারি ও বেসরকারি স্থাপনা এবং অন্যান্য কৌশলগত স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবেন তাঁরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করেছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে দ্রুত প্রতিক্রিয়া ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে জানানো হয়েছে।



















