ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

৫ ইরানি ট্যাংকার ধ্বংস করল যুক্তরাষ্ট্র, জবাবে জর্ডানে ক্ষেপণাস্ত্র

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। মঙ্গলবার মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে। জবাবে বুধবার ইরান জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনীর ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড গত দুই দিনে দুবার মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছিল। জাহাজটি দুবারই হামলা এড়াতে সক্ষম হয়। এর জবাবে ওমান উপসাগরে চারটি ও খারগ দ্বীপের কাছে একটি ট্যাংকারে হামলা চালানো হয়। ট্যাংকারগুলো হলো কাভিজ, চারমিনার, হরাইজন ১, রিয়েসকো ও দেরিয়া। হামলার আগে নাবিকদের জাহাজ ছাড়তে বলা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান রয়েছে। তবে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করেছে, বাকি দুটি জনশূন্য এলাকায় পড়েছে। হতাহতের কোনো খবর নেই। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি কার্যকর হয়নি এবং সব মার্কিন সেনা নিরাপদ আছেন।

ইরান আরও দাবি করেছে, তারা হরমুজের কাছে দুটি মার্কিন জাহাজসহ ১০টি জাহাজে হামলা চালিয়েছে। তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। এছাড়া মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে বিপ্লবী গার্ডের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার চেষ্টার কথাও জানা গেছে; বাহরাইন বুধবার আকাশে ইরানি হামলা প্রতিহত করার কথা জানিয়েছে।

সংঘাত তীব্র হওয়ায় বুধবার ভোরের লেনদেনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ ছয় মাসের বেশি সময় ধরে চলছে। ইরান হরমুজ প্রণালি আংশিক বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি রেখেছে। বিশ্বের সমুদ্রপথে পরিবহন হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে যেত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন