ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়া থানায় আগুন, এমপির বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের পাশে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে শত শত মানুষ মিছিল নিয়ে থানা ঘেরাও করেন।

পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কিন্তু হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশের একাধিক গাড়ি, মোটরসাইকেল ও মেসে আগুন দেওয়া হয়। থানার লকার ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয় এবং পুলিশের অস্ত্র লুট করা হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ তাণ্ডব।

রাত ৯টার পরে পাটগাতী এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। একই সময়ে টুঙ্গিপাড়া, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়। নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে যেতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ার দিকে যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহর আটকানো হয়। সেখানে আনসার ব্যাটালিয়নের গাড়িসহ অন্তত ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়।

একই রাতে ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়েছেন। রাত সোয়া ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল সড়ক আটকে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে সেখানে সংঘর্ষ বাধে। রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজধানীতেও গতকাল রাতে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে, রাত ৯টা ২০ মিনিটে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। ঢাকার ঘটনাগুলোতে কেউ হতাহত হননি।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি ও ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বডি-ওর্ন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভিডিও ফুটেজ দেখে প্রত্যেক হামলাকারীকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন