শুল্ক কমানো ও কৃষিপণ্য বাণিজ্য নিয়ে প্রথম বৈঠকে বসেছে চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশের নতুন বাণিজ্য পরিষদের প্রথম বৈঠকটি শুক্রবার ভিডিও লিংকে অনুষ্ঠিত হয় বলে শনিবার জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
বৈঠকে আগের বাণিজ্য আলোচনার সিদ্ধান্ত বাস্তবায়ন, পারস্পরিক শুল্ক কমানো এবং কৃষিপণ্য বাণিজ্যসহ পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় আলোচনাকে ‘খোলামেলা, গভীর ও গঠনমূলক’ বলে বর্ণনা করলেও কোনো চুক্তিতে পৌঁছানোর কথা জানায়নি।
পরিকল্পনা অনুযায়ী, উভয় পক্ষ নিজ নিজ দেশের ৩০০০ কোটি ডলার মূল্যের অসংবেদনশীল পণ্যের তালিকা তৈরি করেছে, যেগুলোতে শুল্ক কমানো হতে পারে। যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে মাইক্রোওয়েভ ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি, বড়দিনের সাজসজ্জার সামগ্রী ও খেলনার মতো ভোগ্যপণ্য। আর চীনের তালিকায় বেশি রয়েছে ভুট্টা, জোয়ার, দুগ্ধজাত পণ্য, গরুর মাংস ও শাকসবজির মতো কৃষিপণ্য।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে তারা।
ওয়াশিংটন বলেছে, চীনের অন্যায্য বাণিজ্য চর্চার জবাবে বড় ধরনের শুল্ক বহাল থাকবে। তবে অসংবেদনশীল কিছু খাতে ভারসাম্যপূর্ণ বাণিজ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে স্থিতি আনতে পারে বলে মনে করছে তারা।

প্রসঙ্গত, গত মে মাসে বেইজিংয়ে দুই নেতার শীর্ষ বৈঠকে এই পরিষদ গঠনে সম্মত হয়েছিল দুই দেশ। এরপর সেপ্টেম্বরে ওয়াশিংটনে শীর্ষ বৈঠকের পর প্রায় ৬০০০ কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমানোর প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়, যার মধ্যে ২০২৪ সালে চীনের আমদানি করা প্রায় ১৭০০ কোটি ডলারের মার্কিন কৃষিপণ্য রয়েছে। তবে প্যাকেজটি এখনো চূড়ান্ত হয়নি।
বেইজিং বারবার বলেছে, চীন আরও মার্কিন কৃষিপণ্য কেনার আগে ওয়াশিংটনকে শুল্ক কমার সিদ্ধান্ত কার্যকর করতে হবে। ২০২৮ সাল পর্যন্ত বছরে ১৭০০ কোটি ডলারের কৃষিপণ্য কেনার অঙ্গীকার থাকলেও সয়াবিন ছাড়া অন্যান্য মার্কিন কৃষিপণ্যের চীনা আমদানি এ বছর সাত বছরের মধ্যে সর্বনিম্ন হতে চলেছে।
বাণিজ্য পরিষদের মাধ্যমে দুই পক্ষ একে অপরের বাণিজ্য উদ্বেগের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে এবং মতপার্থক্য কমিয়ে সহযোগিতা বাড়াবে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার এপেক সম্মেলনের ফাঁকে শেনজেনে দুই দেশের নেতার বৈঠকের কথা রয়েছে, যার কয়েক দিন আগেই এই আলোচনা হলো।


















