দেশের জ্বালানি চাহিদা মেটাতে চারটি বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এ সুপারিশ করা হয়। জাপানের জেরা গ্লোবাল মার্কেটস, সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং ও উজি জেমস বিহাইভের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার প্রস্তাবগুলোতে সুপারিশ দিয়েছে কমিটি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি কেনার তিনটি প্রস্তাব সভায় উপস্থাপন করে। জেরা গ্লোবাল মার্কেটসের সঙ্গে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির চূড়ান্ত কাঠামো ও টার্ম শিটে স্বাক্ষরের বিষয়েও সুপারিশ করা হয়েছে।
একই সভায় আসন্ন রমজানে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ছয় হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবেও নীতিগত সুপারিশ দেওয়া হয়েছে। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করেছে কমিটি।
সভায় মোট পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি করে প্রস্তাব আসে।



















