ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত

যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বৃহস্পতিবার মস্কোয় পৌঁছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির চেষ্টায় এ বৈঠককে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বিমান থেকে নামার পর রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানান। তুষারপাতের মধ্যেই তিনি দুই মার্কিন দূতকে সঙ্গে নিয়ে মস্কোর কেন্দ্রস্থলের দিকে যান। ক্রেমলিনে বৈঠকটি দিনের প্রথমার্ধে হওয়ার কথা ছিল। স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের এটি দশমবারের মতো সরাসরি বৈঠক।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গল ও বুধবার দুই দিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হয়। ওই আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি না হলেও বড় ধরনের বন্দিবিনিময়ে সম্মত হয় দুই পক্ষ। নয় মাস পর এই প্রথম যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসেছিল।

মার্কিন দূতেরা মস্কোয় পুতিনের কাছে ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়ার উদ্বেগের বিষয়ে নতুন প্রস্তাব চাইবেন বলে জানা গেছে। একই সঙ্গে ইউরোপের দেশগুলোকে আশ্বস্ত করার পদক্ষেপ নিয়েও আলোচনা হবে। পরের ধাপের আলোচনায় ইউরোপের প্রতিনিধিদের যুক্ত করার বিষয়টিও তুলবেন তারা।

মস্কোর বৈঠক শেষে দুই দূত ডাবলিনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। প্রায় সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা এখন নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন