ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় পুঁজি না থাকলেও তরুণদের জন্য রয়েছে ঋণ সহায়তার সুযোগ। নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণের অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করার পাশাপাশি বিদ্যমান উদ্যোগও সম্প্রসারণ করা যাবে।

বিনা জামানতে ঋণ পাওয়ার সুযোগ থাকলেও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বয়সসীমা একটি বড় শর্ত। নির্ধারিত কর্মসূচির আওতায় ঋণ পেতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি ঋণ পেতে হলে নির্ধারিত যোগ্যতা পূরণের পাশাপাশি জমা দিতে হবে বাস্তবসম্মত ও তথ্যনির্ভর ব্যবসায়িক পরিকল্পনা।

তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ কর্মসূচি সম্পর্কে জানতে হবে। সেখান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণ পাওয়ার যোগ্যতা, সুদের হার, পরিশোধের সময়সীমা, আবেদনপ্রক্রিয়া এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা সংযুক্ত করে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে। অনলাইনে ফরম সংগ্রহের সুযোগ থাকলে ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকেও তা নেওয়া যেতে পারে।

ঋণের আবেদন করার সময় সাধারণত যেসব কাগজপত্র জমা দিতে হয়, সেগুলো হলো— আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি, হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত অনুলিপি, পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান এবং ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

ঋণের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজনেস প্ল্যানে প্রস্তাবিত ব্যবসার প্রতিটি দিক পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করতে হবে— কী ধরনের ব্যবসা শুরু করতে চান এবং প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কত; পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে বাজারজাত করা হবে; ব্যবসার সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফার হিসাব; ঋণের অর্থ কোন কোন খাতে ব্যবহার করা হবে; ব্যবসা থেকে অর্জিত আয় দিয়ে কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন; এবং প্রস্তাবিত উদ্যোগের মাধ্যমে কতজনের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা কাগজে বা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করবে। এ সময় আবেদনকারীর বয়স, নির্ধারিত যোগ্যতা, ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রকল্পের সম্ভাব্যতা পর্যালোচনা করা হবে। পাশাপাশি ব্যাংকের নিজস্ব নীতিমালাও বিবেচনায় নেওয়া হবে। সবকিছু যাচাইয়ের পর ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংক। তবে আবেদন করলেই ঋণ পাওয়া নিশ্চিত নয়। ঋণের পরিমাণ, সুদের হার, জামানতের শর্ত, বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা এবং সংশ্লিষ্ট ব্যাংকের নীতিমালার ওপর নির্ভর করবে। তাই আবেদন করার আগে নিকটস্থ ব্যাংক শাখা থেকে কর্মসূচির সর্বশেষ নিয়মকানুন জেনে নেওয়া জরুরি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন