দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রথমবারের মতো একসঙ্গে একই পর্দায় হাজির হচ্ছেন। টালিউড নির্মাতা অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ দেখা যাবে তাঁদের। সম্পর্কের গল্পে একের পর এক সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন অর্জুন দত্ত। এবার সম্পর্কের জটিলতা ও রহস্যকে এক সুতোয় গেঁথে তিনি হাজির হচ্ছেন খুনের গল্প নিয়ে। পাহাড়ের পটভূমিতে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হবে একটি রহস্যময় হত্যাকাণ্ডকে ঘিরে। একটি অনুষ্ঠান থেকে ঘটনার সূত্রপাত। আনন্দ-উৎসবের মধ্যেই আচমকা আসা একটি বার্তা বদলে দেবে সবকিছু। এরপর শুরু হবে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা। তদন্ত যত এগোবে, ততই সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের জমে থাকা ক্ষোভ। ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘বিবি পায়রা’ ও ‘ডিপ ফ্রিজ’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। আগের কাজগুলোতে সম্পর্কের নানা দিক গুরুত্ব পেলেও এবার তিনি বেছে নিয়েছেন থ্রিলার। পরিচালক বলেন, সব সিনেমায় সম্পর্কের নানা দিক তুলে ধরলেও প্রতিটি কাজ একে অন্যের চেয়ে আলাদা। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের, এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নতুন সিনেমায় নিজের চরিত্র নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন জয়া আহসানও। তাঁর ভাষায়, ‘আরএসভিপি মার্ডার’ একটি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা। এতে অনেক গুণী অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। তাঁর চরিত্রটিও বেশ আকর্ষণীয়। দর্শক তাঁকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে আশা করছেন তিনি। তবে মুক্তির আগে চরিত্র নিয়ে বেশি কিছু বলতে চান না জয়া।


















