চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক লেনদেনে বাড়ছে চাপ। রপ্তানির তুলনায় দ্বিগুণেরও বেশি গতিতে বাড়ছে আমদানি ব্যয়। এতে এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৫ দশমিক ১ শতাংশ। বিপরীতে রপ্তানি আয় ১ হাজার ১৮৬ কোটি ডলার, প্রবৃদ্ধি মাত্র ৭ শতাংশ। এতে প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ৫৭১ কোটি ডলার। আমদানি ব্যয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে জ্বালানি তেল। প্রথম তিন মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪২২ কোটি ডলারের বেশি, আগের বছরের তুলনায় যা ১০৫ শতাংশ বেশি। একই সময়ে ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। এদিকে প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৩ দশমিক ৩ শতাংশ। এরপরও চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১৩৩ কোটি ডলার। সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি ১১৬ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্যই আমদানি ব্যয় ও বাণিজ্য ঘাটতি বাড়ার অন্যতম কারণ। তবে বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, ঘাটতি নিয়ন্ত্রণে আমদানি ব্যয়ের পাশাপাশি বাড়াতে হবে রপ্তানি সক্ষমতা। মূলধনি পণ্য আমদানি কমায় বিনিয়োগ ও উৎপাদন নিয়েও রয়েছে উদ্বেগ। জ্বালানি নির্ভরতা কমানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।


















