মোবাইল আর্থিক সেবা বিকাশের সাত হাজারের বেশি হিসাবে অসংগতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহক পরিচয় যাচাইয়ে নির্ধারিত নিয়ম যথাযথভাবে মানা হয়েছে কি না, তা জানতে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহজনক এসব হিসাবের কয়েকটিতে গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত দেখানো হয়েছে। আবার অনেক হিসাবে অস্বাভাবিক পরিমাণ লেনদেনের তথ্যও পাওয়া গেছে। এত অসংগতি থাকার পরও হিসাবগুলো সচল থাকায় গ্রাহক পরিচয় যাচাইসংক্রান্ত নির্দেশনা মানা নিয়ে প্রশ্ন উঠেছে।
গ্রাহক পরিচয় যাচাই (কেওয়াইসি) সংক্রান্ত নির্দেশনা ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসহ সব পেমেন্ট সেবাদাতার জন্য প্রযোজ্য। এ নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে কেন জরিমানা করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট আইন, ২০২৪-এর ৩৭ ধারায় বিকাশের কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মিত জরিমানা করা হয়। তবে বিকাশের এ ঘটনায় এখনো কোনো জরিমানা করা হয়নি; ব্যাখ্যা চাওয়াই প্রাথমিক পদক্ষেপ। প্রতিষ্ঠানটির জবাব সন্তোষজনক কি না, তা পর্যালোচনা করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিকাশের করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনেই ই-কেওয়াইসি অথবা কাগজভিত্তিক পদ্ধতিতে সব হিসাব খোলা হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য নির্বাচন কমিশনের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। তাঁর দাবি, যেসব হিসাবে গ্রাহকের বয়স ১০০ বছর বা তার বেশি দেখা গেছে, সেগুলোর বড় একটি অংশে জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখের ভুল রয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকদের নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে জন্মতারিখ সংশোধন করে বিকাশকে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রশ্নবিদ্ধ সব হিসাবকে বাড়তি যাচাইয়ের (ইডিডি) আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিকাশের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত হিসাবের সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে সক্রিয় হিসাব রয়েছে ৪ কোটি ২০ লাখ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বাজি এবং ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার প্রবণতা বাড়ছে। এসব কর্মকাণ্ডের একটি বড় অংশ ভুয়া হিসাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে তাঁদের ধারণা।


















