ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

স্কচ শুল্ক নিয়ে ভারত-ব্রিটেন চুক্তিতে জট

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আওতায় কম শুল্কের সুবিধা পাবে কি না—তা নিয়ে বিতর্কে ভারতের বন্দরে আটকে গেছে বাল্ক স্কচ হুইস্কির কয়েক ডজন কনটেইনার। শুল্ক তদন্তকারীরা এসব পণ্যের ওপর ১৫০ শতাংশ শুল্ক দাবি করছেন।

গত জুলাইয়ে কার্যকর হওয়া চুক্তিতে ভারত কিছু স্কচ পণ্যের আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করে এবং ১০ বছরে তা ৪০ শতাংশে নামানোর কথা। কিন্তু তদন্তকারীদের যুক্তি, এই ছাড় শুধু বোতলজাত, পানযোগ্য স্কচের ক্ষেত্রে প্রযোজ্য—বাল্ক স্কচের ক্ষেত্রে নয়, যা ভারতে এনে জনপ্রিয় ব্র্যান্ড তৈরি করা হয়।

দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের গত ৪ নভেম্বরের এক অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, বাল্ক স্কচকে ভুলভাবে চুক্তির সুবিধাপ্রাপ্ত পণ্য হিসেবে দেখানো হচ্ছে; গত ১ মে থেকে কার্যকর শ্রেণিবিন্যাস অনুযায়ী এসব পণ্যের ওপর ১৫০ শতাংশ শুল্কই প্রযোজ্য।

বাল্ক হিসেবে আসে ব্রিটেন থেকে ভারতে আমদানি করা স্কচের প্রায় ৮০ শতাংশ। পারনো রিকার ও ডিয়াজিওর ৪০টির বেশি কনটেইনার আটকে আছে বলে জানা গেছে। এটিই চুক্তি কার্যকর হওয়ার পর প্রথম বড় বিরোধ।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত ২ নভেম্বর মদ কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের আশ্বস্ত করেছিল, চুক্তি মেনে চলা হবে। তবে রাজস্ব গোয়েন্দাদের নির্দেশনা বলছে, দুই দপ্তরের অবস্থানে এখনো মিল হয়নি। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, চুক্তি অনুযায়ী রপ্তানি নিশ্চিত করতে তারা ভারতের সঙ্গে কাজ করছে।

২০২৪ সালে ভারতে স্কচ রপ্তানি ছিল ৩৩ কোটি ৫০ লাখ ডলার। স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশনের হিসাবে, চুক্তির সুবিধা পুরোপুরি মিললে পাঁচ বছরে রপ্তানি ১৩৪ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। পরিমাণের হিসাবে ভারত স্কচ হুইস্কির সবচেয়ে বড় রপ্তানি বাজার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন