ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

কলকাতা-মুম্বাই ফ্লাইটে ছিনতাই আতঙ্ক, নিরাপদ ১০৫ যাত্রী

কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উড়োজাহাজটির একটি শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত বার্তা দেখতে পাওয়ার পর বুধবার (১১ নভেম্বর) সকালে ১০৫ জন যাত্রীসহ উড়োজাহাজটিকে দ্রুত রানওয়ে থেকে আইসোলেশন বে-তে নেওয়া হয়।

স্থানীয় সময় সকাল ১০টা ৩৭ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কলকাতা-মুম্বাই রুটে চলাচলকারী এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ ফ্লাইটের (এয়ারবাস এ৩২০, নিবন্ধন ভিটি-টিএনএইচ) শৌচাগারের ভেতর কেবিন ক্রুরা ছিনতাইয়ের চিরকুট বা বার্তা খুঁজে পান।

ফ্লাইটটি সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেবিন ক্রু সদস্যরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের ওই হুমকি দেখতে পান। ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে বার্তাটি লেখা হয়েছিল। বার্তায় বলা হয়েছিল, বেলা ১১টা ১০ মিনিটে উড়োজাহাজটি ছিনতাই করা হবে।

নিরাপত্তাবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয় এবং উড়োজাহাজটিকে আইসোলেশন বে-তে নেওয়া হয়। একই সঙ্গে উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

পরে কর্মকর্তারা জানান, বেলা দেড়টা পর্যন্ত পুরো উড়োজাহাজে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যাত্রীদের মালামাল ও লাগেজও নিবিড়ভাবে পরীক্ষা করা হয়েছে। নিরাপত্তা, দমকল ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশিতে অংশ নেয়।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব যাচাই ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। এয়ার ইন্ডিয়া এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন