ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

ইউরোপ থেকে ফিরলেন আরও ৪৪ বাংলাদেশি

অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ার পর আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।
বুধবার সকাল সোয়া ৯টায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাঁদের বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কাউন্সেলিং ও প্রশিক্ষণের পর তাঁরা অর্থনৈতিক সহায়তা পাবেন।
ইউরোপ থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চুক্তি করে বাংলাদেশ সরকার। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল।
শরিফুল হাসান বলেন, ইউরোপে অনিয়মিত অভিবাসনের বিষয়ে দিন দিন কড়াকড়ি বাড়ছে। অনিয়মিতভাবে প্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে এবং তাঁদের আশ্রয়ের আবেদন নাকচ করা হচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন