ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ

বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক দল ও নেতার স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানির বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে উঠে এসেছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী।

জবাবে ফারহান হক বলেন, নির্দিষ্ট এ বিষয়ে নতুন করে বলার মতো মন্তব্য তাঁর কাছে নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহি দেখতে চায়। এর মধ্যে সংস্থাটির তথ্যসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন। প্রতিবেদনটি গত বছরের ১২ ফেব্রুয়ারি জেনেভায় প্রকাশিত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন