বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই একজন গ্রাহক চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে এডি ব্যাংকগুলো সরাসরি এ সীমা পর্যন্ত অর্থ ছাড় করতে পারবে।
একই সার্কুলারে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনার খরচ পাঠানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এখন থেকে এ ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে; তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ না থাকলে তা যাচাই করে ব্যাংকগুলো অর্থ ছাড় করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।



















