ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ন

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ

সপ্তাহের প্রথম দিন সোমবার বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ দেখা গেছে। অন্যদিকে কমেছে জ্বালানি তেলের দাম।

স্পট গোল্ড বা তাৎক্ষণিক সরবরাহযোগ্য সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ দশমিক ৬৯ ডলারে উঠেছে। ডিসেম্বরে সরবরাহের মার্কিন ফিউচারও একই হারে বেড়ে ৪ হাজার ১৩৯ ডলারে পৌঁছেছে। গত সপ্তাহে সোনার দাম বেড়েছিল প্রায় ৫ শতাংশ।

সোনার সঙ্গে অন্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ দশমিক ৩১ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫৫৬ দশমিক ১৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪৪ দশমিক ২৮ ডলার হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৪৮ ডলারে নেমেছে। মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ৩২ সেন্ট কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৫১ ডলার হয়েছে। গত সপ্তাহে ব্রেন্টের দাম ১৬ শতাংশের বেশি কমেছিল, যা ২০২০ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর এই মন্তব্যের পর সরবরাহ বিঘ্নের আশঙ্কা কমেছে, আর তেলের দাম কমায় মূল্যস্ফীতির উদ্বেগও কমেছে—এতেই বেড়েছে সোনার দাম। ডলার কিছুটা দুর্বল হওয়ায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে সোনা সস্তা হয়েছে।

বিনিয়োগকারীরা এখন আগামীকাল মঙ্গলবার প্রকাশিতব্য মার্কিন মূল্যস্ফীতির তথ্য এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার নিয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন