লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি বাস চৌমুহনী বাস টার্মিনাল থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে— মানছুরা বেগম ও বাবুল হোসেন। তৃতীয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
যাত্রীদের অভিযোগ, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। যাত্রীরা নিষেধ করা সত্ত্বেও চালক গতি কমাননি। আহত এক যাত্রী জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন, একপর্যায়ে বাসটি উল্টে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।



















